
ঝালকাঠি ব্যুরো
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়।
পরে সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, দেশের বিশাল যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। যুবসমাজকে শুধু সনদনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার সহজ শর্তে ঋণ ও বিভিন্ন প্রশিক্ষণ সহায়তা প্রদান করছে। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে দেশের উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসাইন, ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল আমীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে যুব ঋণের চেক এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়।





