
সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে (হাস-পিঠা রেস্টুরেন্ট সংলগ্ন) বুধবার (২৪ জুন) গভীর রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-২১২৮) একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১২টা ১৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ঘটনায় তিনজন পুরুষ ও একজন নারীসহ মোট চারজন আহত হন। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন অংশ সংকীর্ণ হওয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও মহাসড়কের সক্ষমতা সে অনুযায়ী বাড়েনি। ফলে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি, মহাসড়কটিকে দ্রুত ছয় লেনে উন্নীত করা হোক, যাতে দুর্ঘটনা কমে আসে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬