কিশোরগঞ্জ প্রতিনিধি
“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতাবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কিশোরগঞ্জ পৌরসভার সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে শহরের বিভিন্ন ওয়ার্ডের নাগরিক, ব্যবসায়ী, শিক্ষক, সমাজকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা এবং ড্রেনেজ সংকটের কারণে মশার প্রজননক্ষেত্র তৈরি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে।
আলোচনায় অংশ নিয়ে কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু বলেন, সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে দোকানপাটে পানি ঢুকে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। পৌর মার্কেট এলাকায় বৃষ্টির সময় চলাচলও দুর্বিষহ হয়ে ওঠে। একই সঙ্গে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শম্মী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. সাদিকুর রহমান এবং কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।”
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬