
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
হাওরের উত্তাল ঢেউ, টানা বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানবিক দায়িত্ব পালনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মধ্যনগর উপজেলা প্রশাসন। দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন গ্রামগুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে রাতভর মাঠে ছিল প্রশাসনের টিম।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ বিশেষ কার্যক্রমে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত হাওরাঞ্চল ও দুর্গম গ্রামে গিয়ে অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, মসলা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। হাওরের পানি ও ঢেউয়ের কারণে নৌপথে ঝুঁকিপূর্ণ পরিবেশ থাকলেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরবচ্ছিন্নভাবে এ সহায়তা কার্যক্রম সম্পন্ন করা হয়।
দুর্গম এলাকা হওয়ায় অনেক স্থানে সরাসরি পৌঁছানো কঠিন হলেও স্থানীয়দের সহযোগিতায় এবং প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে প্রতিটি এলাকায় সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়। হাওরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত সময়োপযোগী বলে অভিহিত করেছেন।
উপজেলা প্রশাসন জানায়, হাওরবেষ্টিত মধ্যনগরের অনেক এলাকা বছরের বিভিন্ন সময়ে পানিবন্দি ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়াই প্রশাসনের অগ্রাধিকার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন,
“হাওরের উত্তাল ঢেউ, বৃষ্টি ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে মধ্যনগর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চাল, ডাল, তেল, লবণ, মসলা ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। প্রশাসন সবসময়ই মানুষের দুঃসময়ে পাশে থাকবে।”
স্থানীয়দের ভাষ্য, এমন মানবিক উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, বরং হাওরাঞ্চলের মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ও ভরসা আরও বৃদ্ধি করেছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬