স্পোর্টস ডেস্ক
ক্রিকেট ইতিহাসে নতুন এক বিশ্বরেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করে ক্রিকেট ইতিহাসের দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন মাত্র ১৫ বছর বয়সী এই ওপেনার।
রোববার (২১ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের ওপর শুরু থেকেই ঝড় তোলেন সূর্যবংশী। একের পর এক বাউন্ডারি ও ছক্কায় মাত্র ১১ বলেই তিনি পূর্ণ করেন নিজের অর্ধশতক। তার রানের ধারাবাহিকতা ছিল— ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬। বিধ্বংসী এই ইনিংসে প্রতিপক্ষ বোলারদের কার্যত দিশেহারা করে দেন তিনি।
এর আগে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের দখলে। ২০০৫ সালে তিনি ১২ বলে অর্ধশতক করেছিলেন। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন সূর্যবংশী, যার জন্মই হয়েছিল ওই ঘটনার ছয় বছর পরে।
উল্লেখ্য, স্বাগতিক শ্রীলঙ্কা, ভারত ও আফগানিস্তানের ‘এ’ দলকে নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচে গত ১৫ জুন শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে এক প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার ঘটনায় সমালোচনার মুখেও পড়েছিলেন সূর্যবংশী।
তবে মাঠের পারফরম্যান্সে তিনি ইতোমধ্যেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্যের পাশাপাশি Rajasthan Royals-এর হয়ে খেলে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন এই কিশোর ক্রিকেটার। অল্প বয়সেই মানসম্পন্ন বোলিং আক্রমণের বিপক্ষে তার আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ব্যাটিং তাকে ভারতের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই বিশ্বরেকর্ড গড়া ইনিংস তার উত্থানের পথকে আরও সুদৃঢ় করলো বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬