জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি।
শনিবার (২০ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীন-এর বিরুদ্ধে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে একটি অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগের তদন্ত এবং এ-সংক্রান্ত সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়।
এ প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর এনসিপির নেতা মীর মোহাম্মদ শোয়াইব-এর কাছে পাঠানো নোটিশে বলা হয়, তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের আগেই তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাড ব্যবহার করে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সরাসরি পক্ষাবলম্বন করেছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি।
নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও উল্লেখ করা হয়।
অপরদিকে, এনসিপির আরেক নেতা আরিফ মুঈনুদ্দিন-কে পাঠানো নোটিশে বলা হয়, তিনি দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেও তদন্তাধীন বিষয়ে পক্ষাবলম্বন করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগকারীকে হেয় করে আপত্তিকর ভাষা ব্যবহার করার অভিযোগও আনা হয়েছে।
দলটির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি এসব কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি উল্লেখ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। অন্যথায় তার বিরুদ্ধেও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬