
লিটন হোসেন, রায়পুর প্রতিনিধি
রায়পুর (লক্ষ্মীপুর)উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির হরেকরকম মাছ। নদী-নালা, খাল-বিল, গর্ত-ডোবা ইত্যাদি ক্রমান্বয়ে ভরাট হয়ে যাওয়া, মাছের প্রজনন ক্ষেত্র সংকুচিত হওয়া, বৃষ্টিপাত কমে যাওয়া, ছাট বড় জলাশয় সেচে মাছ ধরা, ডিমওয়ালা ও পোনা মাছ নিধনের কারণে অনেক প্রজাতির মাছ হারিয়ে গেছে এবং বেশ কিছু প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে । আশংকা করা হচ্ছে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না চিরতরে হারিয়ে যাবে দেশীয় মাছের ঐতিহ্য। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক ছোটমাছ না ধরে প্রজনন ক্ষেত্র সংরক্ষণ করা, ডিমওয়ালা মাছ প্রকৃতিতে অবমুক্তকরণ, ছোট মাছের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, জেলে পরিবারগুলোকে এ সময়ে এসব মাছ মারার পরিবর্তে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, সমন্বিত বালাইনাশক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ, কীটনাশকের মাত্রারিক্ত ব্যবহার কমাতে পারলে এ অবস্থা থেকে রেহাই পাওয়া সম্ভব হবে । না হলে অচিরেই হারিয়ে যাবে প্রকৃতিক উৎসের নানা প্রজাতির সুস্বাদু দেশীয় মাছ।
তথ্যে জানা যায়, বর্তমানে আমাদের দেশে উৎপাদন হ্রাসের পাশাপাশি মিঠা পানির ২৬০ প্রজাতির মাছের মধ্যে ৫৪ প্রজাতির মাছের অস্তিত্বই বিপন্ন। ইতোমধ্যে এ অঞ্চল থেকে খয়ড়া, মায়া, লালচাঁদা, কাকলে, রিটা, আইড়, পাবদা, তপসে, সরপুঁটি, তিতপুঁটি, ঝায়া মাছসহ ১৫ প্রজাতির ছোটমাছ প্রায় বিলুপ্ত হয়েছে। অস্তিত্বসংকটে রয়েছে টেংরা, খলুই, ভেদা, শিং, কৈ, মাগুর, বেলে, টাকি, খলিশা, চলাপুঁটি, গোরকুতে, বাঁশপাতা, বাইম, পাকাল, তোড়াসহ দেশি প্রজাতির অনেক মাছ। অবশ্য বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে কিছু কিছু হাইব্রিড জাতের কৈ ও আফ্রিকান জাতের মাগুর মাছের চাষ হচ্ছে। তবে এ মাছের খুব একটা স্বাদ নেই। বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের মৎস্য জাদুঘর ও জীববৈচিত্র কেন্দ্রের দেশব্যাপী পরিচালিত এক জরিপে দেখা গেছে, হুমকির মুখে পড়া মাছের সংখ্যা এখন ১’শতে দাড়িয়েছে। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে ২৫ প্রজাতির মাছ। বছর দশেক আগেও উপজেলার হাট-বাজারগুলোতে পাওয়া যেত অনেক রকম দেশী প্রজাতির ছোট মাছ। বর্তমানে গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে মাঝে-মধ্যে যাও বা কিছু আমদানি হয় তাও আবার চলে যায় ভাগ্যবান পয়সাওয়ালাদের বাজার ব্যাগে। এসব মাছের দাম অত্যন্ত চড়া হওয়ায় সাধারণ মানুষের ভাগ্যে এসব মাছ আর জুটছে না।
সংশ্লিষ্টদের তথ্যের বরাত জানা গেছে, উপজেলায় জলাশয়সহ সরকারি ও বেসরকারি ছোট বড় প্রায় দুই হাজার পুকুর। উন্মুক্ত জলাশয় ও নদ-নদীতে দেশীয় প্রজাতির ছোট মাছ বিচরণ করতে পারে। কয়েক বছর যাবৎ এ জনপদে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এলাকার খাল-বিল, পুকুর ও নদী-নালাগুলোর অধিকাংশই পানিশূন্য। দেশীয় প্রজাতির ছোট মাছ বৃষ্টির পানির তোড়ে বিভিন্ন স্থান থেকে ভেসে এসে বদ্ধ পানিতে প্রাকৃতিকভাবে বংশ বিস্তার করে। পানির অভাবে এরা বর্ষা মৌসুমেও নদী-নালা, খাল-বিলে বংশ বিস্তার করতে পারছে না।
খাসেরহাট গ্রামের রশিদ মিয়া বলেন, আমাদের এখানে বিলের আশপাশের খাল-বিল, ডোবা ও নদী থেকে সারা বছর মাছ ধরে সংসার অনেকে সংসার চালাত। গত কয়েক বছর ধরে ওই মাছ পাচ্ছে না। এতে তিনি পেশা বদল করেন। রফিক মিয়া বলেন, ‘৫-৬ বছর আগে হত্যেক দিন ৫০০-১০০০ টিয়ার মাছ বেইচতাম। ২-৩ বছর ধরি অন আর মাছ হাইনা। অন মাছ ধরা বাদদি অটো রিক্সা চালাইয়া কোন রকমের বাইচা আছি ।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, কৃষি জমিতে অপরিমিত মাত্রায় বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও বিষাক্ত কীটনাশক ব্যবহার দেশীয় প্রজাতির মাছের বর্তমান বিপর্যয়ের কারণগুলোর মধ্যে অন্যতম। বিষের ছোবলে ডিএনএ এবং আরএনএর পরিবর্তন ঘটে। সেই সাথে ডিম ধারণ ক্ষমতা ৪০ ভাগ, ডিম নিষিক্তের হার ১৫ ভাগ এবং বাচ্চা প্রস্ফুটনের হার ২৫ ভাগ কমে যায়। এ ছাড়া অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে নদী-নালা, খাল-বিল, গর্ত-ডোবা ইত্যাদি ক্রমান্বয়ে ভরাট হয়ে যাওয়ায় মাছের প্রজনন ক্ষেত্র সংকুচিত হওয়া, বৃষ্টিপাত কমে যাওয়া, ছাট বড় জলাশয় সেচে মাছ ধরা, ডিমওয়ালা ও পোনা মাছ নিধন ইত্যাদি।
রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, গত কয়েক দশকে নদ-নদীগুলোর প্রবাহ ব্যাপক হারে কমে গেছে। নির্বিচারে খাল-বিল সেচে বা কীটনাশক ব্যবহার করে মাছ নিধনের ফলে মৎস্য সম্পদ হুমকির মুখে। এছাড়াও হ্যাচারিতে পানি সংকট দেখা দিলে খাল থেকে পানি সেচে ব্যবস্থা করা হয়ে থাকে। কিন্তু এখন খাল সেচে বা কীটনাশক ব্যবহার হওয়ায় তাও সম্ভব হয় না।
এবিষয়ে রায়পুরের সচেতন মহল বলছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবারও ফিরিয়ে আনা সম্ভব হারিয়ে যাওয়া বা বিলুপ্তি পথের নানান প্রজাতির মাছ গুলো।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬