যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত হওয়া শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই ইতিবাচক অগ্রগতিকে বাংলাদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে। একই সঙ্গে এ চুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে যে, শান্তি চুক্তিটি আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে বিদ্যমান ইতিবাচক পরিবেশকে কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বাকি অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
এছাড়া আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খলের স্বাভাবিকীকরণ এবং পারস্পরিক সহযোগিতা দ্রুত পুনরুদ্ধার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬