
শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সুইজারল্যান্ডের হাতে। তবে যোগ করা সময়ে নাটকীয় এক গোলে পরাজয় এড়িয়ে ইতিহাস গড়েছে কাতার। সান ফ্রান্সিস্কো স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ২০২২ সালে বিশ্বকাপে অভিষেকের পর এবারই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচ থেকে পয়েন্ট অর্জন করল কাতার।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কাতার। তৃতীয় মিনিটে ম্যানুয়েল আকানজির ভুলে বল পেয়ে যান এডমিলসন, তবে দ্রুত এগিয়ে এসে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সুইজারল্যান্ড।
সপ্তম মিনিটে মিশেল এবিশারের পাস থেকে দান এনদোয়ের শট দারুণভাবে রুখে দেন কাতারের গোলরক্ষক আবুনাদা। তিন মিনিট পর আবারও সুযোগ পান এনদোয়ে, কিন্তু তাঁর জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
ক্রমাগত আক্রমণের ফল পায় সুইসরা ১৪তম মিনিটে। বক্সের ভেতরে রেমো ফ্রয়েলারকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিএআরে সিদ্ধান্ত পর্যালোচনার পর তা বহাল থাকে এবং ১৭তম মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রিল এম্বোলো।
প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ধার বজায় রাখে সুইজারল্যান্ড। ৪৯ ও ৫০তম মিনিটে টানা দুটি সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। ৬৩তম মিনিটে রুবিন ভার্গাসের দুর্দান্ত একক দৌড় থামাতে কাতারকে ফাউলের আশ্রয় নিতে হয়, তবে সেই ফ্রি-কিক থেকেও গোল আদায় করতে ব্যর্থ হয় ইউরোপের দলটি।
এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় সুইজারল্যান্ড। কিন্তু প্রতিবারই তাদের হতাশ করেন কাতারের গোলরক্ষক আবুনাদা। তাঁর একাধিক গুরুত্বপূর্ণ সেভ কাতারকে ম্যাচে টিকিয়ে রাখে।
যখন মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে সুইসরা, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা ছয় মিনিটের চতুর্থ মিনিটে হোমাম এল আমিনের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান বুয়ালেম খৌখি। তাঁর হেডটি গিয়ে লাগে গোলপোস্টের ডানদিকের নিচের কোণে, আর তাতেই স্তব্ধ হয়ে যায় সুইস শিবির।
শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়। এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচ থেকে পয়েন্ট অর্জনের স্বাদ পেল কাতার। অন্যদিকে জয় হাতছাড়া হওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সুইজারল্যান্ডকে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬