বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট কানাডার, বসনিয়ার সঙ্গে ১-১ ড্র

Date:

spot_img

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের ইতিহাসে সপ্তম ম্যাচে এসে অবশেষে প্রথম পয়েন্টের দেখা পেল কানাডা। টরন্টোর উচ্ছ্বসিত দর্শকদের সামনে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে ২০২৬ বিশ্বকাপের স্বাগতিক ও সহ-আয়োজক দেশটি।

১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ মিলিয়ে আগের ছয় ম্যাচের সবকটিতেই হেরেছিল কানাডা। সেই হতাশার ইতিহাসের মাঝেই শুক্রবারের ম্যাচটি নতুন এক অধ্যায় লিখে দিল। জয় না পেলেও বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল উত্তর আমেরিকার দেশটি।

কানে আঙুল দিয়ে যেন ইতিহাসের শব্দ শুনছেন সাইল লারিন। তাঁর গোলেই বসনিয়ার বিপক্ষে ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা।

ম্যাচের শুরুটা ছিল কানাডার। গ্যালারিভর্তি লাল জার্সিধারী সমর্থকদের উৎসাহে একের পর এক আক্রমণ শানায় জেসি মার্শের দল। কিন্তু খেলার ধারার বিপরীতে ২১ মিনিটে এগিয়ে যায় বসনিয়া। কর্নার থেকে আসা বলে জোভো লুকিচের শক্ত হেড স্বাগতিকদের স্তব্ধ করে দেয়।

গোল পাওয়ার পর বসনিয়া নিজেদের অর্ধে নেমে এসে রক্ষণভাগ শক্ত করে ফেলে। ইউরোপের দলটি সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করেছে, তবে ম্যাচের বড় সময়জুড়ে তাদের ব্যস্ত থাকতে হয়েছে রক্ষণ সামলাতে। বিশেষ করে অভিজ্ঞ সিয়াদ কোলাশিনাচ এবং তারেক মুহারেমোভিচ কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল বাঁচিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

প্রথমার্ধে গোল শোধ করতে না পারলেও বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কানাডা। বলের দখল, আক্রমণের সংখ্যা এবং গোলের সুযোগ তৈরিতে স্পষ্ট আধিপত্য ছিল স্বাগতিকদের। ম্যাচের প্রত্যাশিত গোল (এক্সজি) ছিল কানাডার ১.২৫, যেখানে বসনিয়ার ০.৯৮।

ম্যাচের ৭৮ মিনিটে অবশেষে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। বদলি হিসেবে মাঠে নামার মাত্র ১২১ সেকেন্ড পর নিজের প্রথম স্পর্শেই গোল করেন কাইল লারিন। নিখুঁত ফিনিশে বসনিয়ার রক্ষণ ভেঙে সমতা ফেরান তিনি। এই গোলই ২০২৬ বিশ্বকাপে কানাডার প্রথম গোল, আর সেই গোলই এনে দেয় দেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট।

গোলের পর টরন্টো স্টেডিয়ামের পরিবেশ বদলে যায়। জয়ের খোঁজে মরিয়া হয়ে ওঠে কানাডা। শেষ দিকে লারিনের আরেকটি প্রচেষ্টা তারেক মুহারেমোভিচের অসাধারণ ব্লকে রুখে না গেলে হয়তো তিন পয়েন্টই পেয়ে যেত স্বাগতিকরা।

ম্যাচ শেষে কানাডার কোচ জেসি মার্শ বলেন, প্রথমার্ধের পারফরম্যান্সে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। তবে দলের প্রত্যাবর্তনের মানসিকতা তাকে আশাবাদী করেছে। আগামী ম্যাচে কাতারের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার কথাও জানান তিনি।

খেলার বিশ্লেষণে দ্য অ্যাথলেটিকের ন্যান্সি ফ্রস্টন লিখেছেন, ম্যাচের সামগ্রিক চিত্রে কানাডাই ছিল এগিয়ে থাকা দল, আর বসনিয়া শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে পারে। একই মত দিয়েছেন বিশ্লেষক ম্যাক্স ম্যাথিউজও। তার মতে, ফলাফল ড্র হলেও সুযোগ সৃষ্টির বিচারে কানাডা জয়ের বেশি দাবিদার ছিল।

তবে বসনিয়ার জন্যও এই এক পয়েন্ট গুরুত্বপূর্ণ। জোভো লুকিচের গোলে এগিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় লিড ধরে রেখেছিল ইউরোপের দলটি। শেষ পর্যন্ত লারিনের গোলে জয় হাতছাড়া হলেও গ্রুপ পর্বের শুরুতে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা।

শেষ পর্যন্ত স্কোরলাইন বলছে ১-১। বসনিয়া পেল একটি পয়েন্ট। আর কানাডা পেল একটি ইতিহাস।

১৯৮৬ থেকে ২০২৬। চার দশকের অপেক্ষার পর বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পয়েন্টের স্বাদ পেল ২০২৬ বিশ্বকাপের স্বাগতিক ও সহ-আয়োজক কানাডা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...