
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত ব্যক্তি মো. মেহেদী হাসান মিম (২৭)। তিনি নাটোর জেলার রামাইগাছি এলাকার বাসিন্দা।
সিআইডি সূত্রে জানা যায়, গত ১০ জুন দিবাগত রাতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিটের একটি দল নাটোরে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার সময় বাদী একজন যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্ত চক্রটি বিচারকের নাম, পরিচয় ও পদবী ব্যবহার করে তার বন্ধু, সহকর্মী ও আত্মীয়-স্বজনদের কাছে মিথ্যা তথ্য ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টা চালায়।
তারা কৃত্রিমভাবে বিচারকের কণ্ঠস্বর নকল করে পরিচিতজনদের ফোন দিয়ে জানায়, বিচারকের মা ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন এবং হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের খরচের জন্য জরুরিভাবে অর্থ প্রয়োজন।
এমন প্রতারণামূলক ফাঁদে পড়ে বিচারকের এক পরিচিত ব্যক্তি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠিয়ে দেন। এছাড়া আরও কয়েকজন বন্ধু, সহকর্মী ও পরিচিত ব্যক্তির কাছ থেকেও একই কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
ঘটনা জানার পর বাদী শেরপুর সদর থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি।
তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডি জানতে পারে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির পরিচয় ও কণ্ঠস্বর নকল করে প্রতারণা চালিয়ে আসছে।
তদন্তের একপর্যায়ে মো. মেহেদী হাসান মিমকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত বর্তমানে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) পরিচালনা করছে। একই সঙ্গে প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সিআইডি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, পরিচিত কারও নামে জরুরি অর্থ সহায়তার অনুরোধ এলে তা যাচাই-বাছাই ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬