
খুলনা ব্যুরো
খুলনা মহানগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়া ১০ গেট এলাকায় গাজী রফিক ওরফে ‘ঢাকাইয়া রফিক’ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, নিহত রফিক নিজ এলাকার আনিসের চায়ের দোকানের সামনে বসে ছিলেন। এ সময় হেলমেট পরিহিত মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা রফিককে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকের পেটে গুলি লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
নিহত গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপির একজন সদস্য ছিলেন। তিনি দক্ষিণ মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে।
এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬