লিটন হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ নারী কৃষকদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক রন্ধন কৌশল সম্পর্কে দক্ষ করে তুলতে তিন ধাপে ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
২০২৫-২৬ অর্থবছরের “স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট–টেকসই কৃষি ও উন্নত পুষ্টির জন্য জলবায়ু সহনশীলতা (SACP-RAINS)” প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক প্রশিক্ষণ হলে আয়োজিত প্রশিক্ষণের মূল বিষয় ছিল স্বাস্থ্য, পুষ্টি এবং স্বাস্থ্যকর রন্ধন প্রণালী। এতে অংশগ্রহণকারী কৃষাণীদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং শাকসবজি ও খাদ্যশস্যের পুষ্টিগুণ অক্ষুণ্ন রেখে সঠিক উপায়ে রান্নার কৌশল হাতে-কলমে শেখানো হয়।
প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহারও গুরুত্ব পায়। কৃষাণীদের তথ্যপ্রাপ্তি ও সচেতনতা বৃদ্ধির জন্য কিউআর কোড সম্বলিত একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আয়োজকদের মতে, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রামীণ নারীদের কাছে কৃষি ও পুষ্টি বিষয়ক তথ্য সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, গ্রামীণ অর্থনীতি ও পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণে নারী কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে সঠিক রন্ধন প্রণালীর অভাবে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষাণীরা ফলিত পুষ্টি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভের পাশাপাশি স্বাস্থ্যসম্মত রান্নার বৈজ্ঞানিক পদ্ধতিও শিখেছেন, যা তাদের পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, “প্রান্তিক পর্যায়ে কৃষাণীদের পুষ্টি বিষয়ে সচেতন করতে এবং বৈজ্ঞানিক রন্ধন কৌশল ছড়িয়ে দিতে SACP-RAINS প্রকল্পের আওতায় আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি। ডিজিটাল প্ল্যাটফর্ম ও কিউআর কোডের ব্যবহার উদ্যোগটিকে আরও কার্যকর করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষাণীরা তাদের অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় অন্য নারীদের মধ্যেও ছড়িয়ে দেবেন বলে আমরা আশা করছি।”
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিন ধাপের এই প্রশিক্ষণ কর্মসূচিতে এলাকার প্রান্তিক ও সফল নারী কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬