বিশেষ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সাহিদা বেগম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক মো. জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ এবং পিকআপ ভ্যানটিও থানার হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত সাহিদা বেগম উপজেলার ভান্ডারপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। এবং আটককৃত জাহাঙ্গীর আলম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার দক্ষিণ নুরকোলা গ্রামের রমজান আলীর ছেলে।
জানা যায়, সোমবার সকাল আনুমানিক পৌনে ৯ টার দিকে সাহিদা বেগম ভান্ডারপুর বাজারে পাকা সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় আক্কেলপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও ডান হাতে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে স্বজনরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬