সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) ভোরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টা ৪৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার বিবরণে জানা যায়, বরিশালগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৫৯২১) কটকস্থল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১১-০৬৭১) সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ও কাভার্ড ভ্যানের দুই আরোহী আহত হন।
আহতরা হলেন— ফরিদপুরের বাসিন্দা রমজান শেখ এবং পটুয়াখালীর বাসিন্দা মো. মেহেদী হাসান।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে চালকদের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান।
তবে দুর্ঘটনার পর গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যদের তাৎক্ষণিক ও মানবিক উদ্ধার তৎপরতার কারণে আহতরা দ্রুত চিকিৎসাসেবা পাওয়ায় স্থানীয় জনতা ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬