এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

Date:

spot_img

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, হামলায় আহত হয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নবসহ চারজন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক-সহ অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দলটি।

হামলার সঙ্গে কারা জড়িত ছিল এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে হামলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সীমান্ত এলাকায় জোরপূর্বক পুশ-ইনের অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে তিনি ও তার দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন।

তিনি লেখেন, “সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গতরাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। চারজন আহত হয়েছেন। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দাবি জানিয়েছে এনসিপি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...