
প্রায় তিন মাসের দীর্ঘ অচলাবস্থার পর ইরানে আংশিকভাবে ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আরোপিত এই সীমাবদ্ধতা তুলে নেওয়ার বিষয়ে মঙ্গলবার (২৬ মে) তথ্য জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সূত্র।
দীর্ঘ সময় আন্তর্জাতিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকায় ইরানের সাধারণ মানুষ দৈনন্দিন কাজের জন্য মূলত অভ্যন্তরীণ ইন্ট্রানেট ব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল। কেনাকাটা, রাইড-শেয়ারিং ও শিক্ষা কার্যক্রমও সীমিত পরিসরে পরিচালিত হয়েছে।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, বন্ধের ৮৮তম দিনে আংশিক সংযোগ পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। তবে এটিই দীর্ঘতম দেশব্যাপী ব্ল্যাকআউটের পূর্ণ সমাপ্তি কি না, তা এখনো নিশ্চিত নয়।
ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, সাইবার স্পেসে নিয়ন্ত্রিত ও উন্মুক্ত প্রবেশাধিকারের পথে এটি প্রথম পদক্ষেপ এবং নাগরিকদের চাহিদা পূরণের চেষ্টা চলবে।
দেশটির সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিক্সড ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ পুনর্বহাল করা হয়েছে। তবে মোবাইল ইন্টারনেট এখনো পুরোপুরি সচল হয়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ইরানের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বাসাবাড়ির ওয়াই-ফাই সংযোগে আন্তর্জাতিক ওয়েবসাইট ব্যবহার সম্ভব হলেও কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশে এখনো ভিপিএনের প্রয়োজন হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সংযোগ পুনরায় চালু হলেও দেশটির ইন্টারনেট ব্যবহার এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। আগের ট্রাফিক ও ব্যবহার পর্যায়ে ফিরতে আরও সময় লাগতে পারে।





