খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজীব
সাতক্ষীরার মাধবকাটি-বলাডাঙ্গা এলাকার আম বাগানগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গাছে গাছে ঝুলছে নানা জাতের সুস্বাদু আম। ভালো ফলন ও বাজারমূল্য পাওয়ায় আমচাষিদের মুখে ফুটে উঠেছে স্বস্তি ও আনন্দের হাসি।
সোমবার (২৫ মে) দুপুর দুইটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার পরিচিত আমচাষি ও সাবেক ইউপি সদস্য ইকবাল আনোয়ার সুমন তার বাগান থেকে দ্বিতীয় দফায় আম সংগ্রহ শুরু করেছেন। শ্রমিকদের ব্যস্ততা আর বাগানজুড়ে পাকা আমের সুবাসে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পুরো এলাকায়।
আমচাষি সুমন জানান, চলতি মৌসুমে প্রথম চালানে প্রায় ৬০ হাজার টাকার আম বিক্রি করেছেন। দ্বিতীয় চালানের আম বাজারে তোলার আগেই তিনি বেশ আশাবাদী। তিনি বলেন, “অন্যান্য বছরের তুলনায় এবার আমের ফলন অনেক ভালো হয়েছে। ভাইরাস ও পোকার আক্রমণ কম হওয়ায় আমরা বাগান মালিকরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”
তিনি আরও বলেন, সাতক্ষীরার ঐতিহ্যবাহী হিমসাগর, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, গোপালভোগ ও লতা জাতের আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। স্বাদ ও গুণগত মানের কারণে এসব আমের চাহিদাও বেশ বেশি।
আমচাষিদের দাবি, সরকারি সহযোগিতা ও কৃষি প্রণোদনা বাড়ানো হলে ভবিষ্যতে আরও বেশি উৎপাদন সম্ভব হবে। এতে একদিকে যেমন আমচাষিরা লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই খাত।
স্থানীয়দের মতে, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে এ বছর সাতক্ষীরার আমচাষে সফলতা এসেছে। ফলে জেলার বিভিন্ন বাগানে এখন চলছে আম সংগ্রহ ও বাজারজাতকরণের ব্যস্ততা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬