কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে অসাবধানতাবশত টেলিভিশন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম (৪৫)নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম কোটচাঁদপুরের মেইন বাসস্ট্যান্ডের একজন পরিচিত মুখ ছিলেন। তিনি সেখানে দূরপাল্লার বাসে মালামাল ওঠানো-নামানোর লেবার (শ্রমিক) হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্থানীয় বাসিন্দা মৃত জজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কাজ শেষে রেজাউল ইসলাম ঘরে ফেরেন। বেলা আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে তিনি ঘরের টেলিভিশন চালু করতে যান। এ সময় টেলিভিশনে আগে থেকেই হয়ে থাকা শর্ট সার্কিট থেকে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘরের একটি অংশে আগুন ধরে যায়।
আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এলাকার একজন কঠোর পরিশ্রমী মানুষের এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পরিবার ও স্থানীয় বাসস্ট্যান্ডের শ্রমিকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬