
বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার মাধ্যমে বিচার বিভাগের ওপর মূলত একটি “চপেটাঘাত” করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
বৃহস্পতিবার (২১ মে) বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্তির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে। এর ফলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতার পথ আরও সংকুচিত হয়েছে।
তিনি বলেন, “আমাদের দৃষ্টিতে এটি বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটি কালো দিন। স্বাধীনতার পর থেকে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য নানা উদ্যোগ নেওয়া হলেও বাকশাল ও সামরিক শাসনের কারণে সেই স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি।”
তিনি আরও বলেন, ১৯৯৯ সালে ঐতিহাসিক ‘মাজদার হোসেন’ মামলায় উচ্চ আদালত ১২ দফা নির্দেশনা দেন। ওই নির্দেশনার আলোকে ২০০৭ সালে বিচার বিভাগকে ম্যাজিস্ট্রেসি থেকে পৃথক করা হয়। একইসঙ্গে বিচারকদের নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) গঠন এবং পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়।
শিশির মনির জানান, ২০২৫ সালে দায়ের করা একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ ২ সেপ্টেম্বর পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। পরে সরকার ৩০ নভেম্বর ২০২৫ একটি অধ্যাদেশ জারি করে সচিবালয়টি প্রতিষ্ঠা করে এবং ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
তবে ২০২৬ সালের ৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১০ এপ্রিল সরকার বিচার বিভাগীয় সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ঘোষণা করে বলে উল্লেখ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬