
চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। ফলে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার প্রবাসী আয়।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে থাকা পরিবার-স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। মূলত এ কারণেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।
এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।
এছাড়া ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
গত বছরের ডিসেম্বর মাসে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে যথাক্রমে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।





