খুলনা ব্যুরো প্রধান
খুলনা মহানগরীর দৌলতপুরে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জুট শ্রমিকরা।
মঙ্গলবার সকালে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন।
শ্রমিকরা সকাল থেকেই বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে জড়ো হন। পরে তারা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় উত্তেজিত শ্রমিকদের একাংশ ভবনের বাইরে জানালায় ভাঙচুর চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ কর্মসূচি অব্যাহত থাকে।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ‘ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা আরোপের ফলে গত প্রায় ৯ মাস ধরে তারা কর্মহীন হয়ে পড়েছেন। আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে জানান তারা।
শ্রমিক নেতারা বলেন, দ্রুত কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে একই সময়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারাও কাঁচা পাট রপ্তানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আরোপিত শর্তের প্রতিবাদ জানান। তারা বলেন, রপ্তানি কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় পাট খাত চরম সংকটে পড়েছে। দ্রুত রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং দেশের ঐতিহ্যবাহী পাট শিল্প ধ্বংসের মুখে পড়বে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, কাঁচা পাট রপ্তানিতে বিদ্যমান জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় পাট ব্যবসায়ী ও শ্রমিক উভয়ই মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬