চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। এর আগে বগুড়া সিটি করপোরেশনের নতুন প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান ঘোষণা করা হয়।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে সংসদে সিটি করপোরেশন সংশোধন আইন পাস হয়েছে। নতুন আইনে দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, বগুড়া সিটি করপোরেশনের তফসিল অন্য ১২টি সিটি করপোরেশনের সঙ্গে একযোগে ঘোষণা করা হবে।
নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন সাধারণত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তাই বর্ষা শেষে শুষ্ক মৌসুমে নির্বাচন আয়োজনের সম্ভাবনাই বেশি। আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে নির্বাচন শুরু হতে পারে বলে ব্যক্তিগত অভিমত প্রকাশ করেন তিনি। তবে কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন আয়োজনের ব্যয়, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং অর্থবিভাগের সক্ষমতা বিবেচনায় নিয়েই সময়সূচি নির্ধারণ করা হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি সবচেয়ে বড় পরিসরের নির্বাচন হওয়ায় ব্যয়ও বেশি। প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজন করতে বিপুলসংখ্যক ব্যালট পেপার ছাপানোসহ নানা প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনেই প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ব্যয় হতে পারে।
তিনি আরও জানান, আগামী বাজেটে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কমিশনের ব্যয়ের হিসাব পাওয়ার পর অর্থবিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।
এদিকে, বগুড়া সিটি করপোরেশনের নতুন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন দায়িত্ব গ্রহণের পর বলেন, বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি। প্রাথমিক বরাদ্দের অর্থ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬