
রাজিবুল ইসলাম রাজিব, খুলনা প্রতিনিধি
“নানা অপশক্তি আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করতে চায়। এ পরিস্থিতিতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে বড় ইতিবাচক হাতিয়ার। তরুণদের হাতে আমরা মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই।” — এভাবেই যুব সমাজের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন রকিবুল ইসলাম বকুল।
শনিবার দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স-এ আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমের বিকল্প নেই। তরুণদের মেধা ও শক্তিকে দেশের উন্নয়নমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল্লাহ হারুন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সাঈদ মনজুর আলম।
এসময় উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬