
দেশের বাজারে টানা দুই দিনের ব্যবধানে আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে। শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৫৫৮ টাকা কমিয়ে হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা
এর আগে শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
সব মিলিয়ে টানা দুই দিনে ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে ৬ হাজার ৫৮৯ টাকা।





