খুলনা ব্যুরো প্রধান
খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার মাত্র একদিনের মাথায় বড় ধরনের পরিবর্তন এসেছে। নবগঠিত কমিটির আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। একইসঙ্গে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক ফিরোজ আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম সচল ও গতিশীল রাখতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১২ মে) রাতে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক পত্রে এ দুই কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।
ঘোষিত মহানগর কমিটিতে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক, আরিফুর রহমান আরিফকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করা হয়। ৪৩ সদস্যবিশিষ্ট এ কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছিল।
অন্যদিকে ৩০ সদস্যের খুলনা জেলা কমিটিতে ফিরোজ আহমেদকে আহ্বায়ক, আবু জাফরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং খান ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়েছিল। তবে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই আহ্বায়ক পদে পরিবর্তন আসায় জেলা ছাত্রদলের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬