
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠন এবং দেশের টেকসই উন্নয়নের জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিক্ষার্থীদের সক্রিয় সহযোগিতা ও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে—এটি স্বাভাবিক। তবে রাজনীতির মূল কেন্দ্র হওয়া উচিত সংসদ। তিনি বলেন, “আমরা রাজপথের রাজনীতিতে অনেক কিছু করেছি। কিন্তু এখন সময় এসেছে স্থিতিশীলতা প্রতিষ্ঠার। শুধু রাজপথে হইচই করে কিছু গড়ে তোলা যায় না।”
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ধৈর্য, আলোচনা ও পরিকল্পনার প্রয়োজন রয়েছে। দ্রুত পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও সবকিছু ধীরে ধীরে একটি স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়েই গড়ে তুলতে হয়।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার আহ্বান জানান। তিনি বলেন, এতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং তরুণরা বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের আসন সংকট, আবাসন সমস্যা, লাইব্রেরিতে পর্যাপ্ত আসনের অভাবসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে ধরেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত গুরুত্বের সঙ্গে শোনেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কাবেরী আজাদের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “প্রতিষ্ঠান গড়ে তুলতে এবং জাতীয় উন্নয়নকে টেকসই করতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই।”
তিনি বলেন, “একটি স্থিতিশীল পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে এ বিষয়ে জনমত গড়ে তুলতে হবে।”
দেশ গঠনে সংলাপ ও চিন্তাশীল সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আলোচনা ছাড়া কোনো ভালো কিছু গড়ে তোলা সম্ভব নয়। ভবিষ্যৎ আপনাদের, তাই এসব বিষয়ে আপনাদের সচেতন ও সোচ্চার হতে হবে।”
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালা শেষে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬