নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করল, আমরা একে বলি জুলাই যুদ্ধ। এই লড়াইয়ের মধ্য দিয়েই পরিবর্তন এসেছে। মানুষ নতুন সরকারের প্রতি অনেক আশা নিয়ে তাকিয়ে আছে।”
শুক্রবার (৮ মে) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, “যারা ফ্যাসিস্ট ছিল তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অর্থনীতি ও ব্যাংকিং খাত লুটপাট করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে। সেই অবস্থার বিরুদ্ধে লড়াই করেই আমরা আজকের অবস্থানে এসেছি। এখন অনেকেই ছোটখাটো ইস্যু তৈরি করে এই পরিবর্তনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। আমরা চাই না দেশে আর কোনো গোলযোগ হোক।”
রবীন্দ্রনাথের সাহিত্য ও মানবিক দর্শনের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, “রবীন্দ্রনাথকে সারাজীবন পড়লেও শেষ করা যায় না। কবিতা, গান, নাটক, গদ্য—সবক্ষেত্রেই তার অবাধ বিচরণ ছিল। তিনি গীতাঞ্জলি লিখে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ পতিসরে এসে কৃষকদের দুঃখ-দুর্দশা দেখে ব্যাংক স্থাপন করেছিলেন এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রচলন করেছিলেন। সাহিত্য ও মানবকল্যাণ—দুই ক্ষেত্রেই তিনি অনন্য।”
নিজের পারিবারিক স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, “আমার বাবা একজন দাপুটে রাজনৈতিক নেতা ছিলেন। প্রতিদিন সকালে হাঁটতে বের হয়ে ফিরে এসে রবীন্দ্রনাথের ‘শাহজাহান’ কবিতা আবৃত্তি করতেন।”
দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে তিনি বলেন, “আমাদের রাজনীতি এখনও সুন্দর ও পরিচ্ছন্ন হয়নি। মানুষ বারবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।”
তিনি বলেন, “দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী আছে যারা সমাজকে অস্থির করে রাখতে চায়। তবে আমাদের মনে রাখতে হবে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই আমাদের মূল চেতনা। আমরা বাংলাদেশি—এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।”
রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬