পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন সময়েই জরুরি বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) বাংলাদেশ সময় বেলা ১টা ১০ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দলীয় নেতা-কর্মী ও কাউন্টিং এজেন্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
২৯৪ আসনের মধ্যে প্রাপ্ত সর্বশেষ তথ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৮৩ আসনে এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০২ আসনে।
ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দয়া করে কেউ, বিশেষ করে কাউন্টিং এজেন্ট ও প্রার্থীরা ভোট গণনার স্থান ছেড়ে যাবেন না। যেখানে গণনা হচ্ছে, সেখানেই থাকুন।”
তিনি অভিযোগ করেন, এটি বিজেপির পরিকল্পনার অংশ। “প্রথম দুই-তিন রাউন্ডে ওদের ফল আগে দেখানো হচ্ছে, আমাদেরটা পরে দেখানো হচ্ছে। অনেক জায়গায় দুই-তিন রাউন্ডের পর প্রায় ১০০টি কেন্দ্রে গণনা বন্ধ রাখা হয়েছে,” বলেন তিনি। কল্যাণীতে সাতটি মেশিনে গরমিল ধরা পড়ার কথাও উল্লেখ করেন মমতা।
মমতা আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। “জোরপূর্বক অফিস ভাঙচুর, দখল এবং ভোট লুটের চেষ্টা চলছে,” বলেন তিনি।
তিনি দাবি করেন, এখনো বহু আসনে তৃণমূল এগিয়ে থাকলেও তা প্রকাশ করা হচ্ছে না। “মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। নির্বাচন কমিশন নিজের ইচ্ছামতো কাজ করছে,”—এমন অভিযোগও তোলেন তিনি।
দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বলেন, “মন খারাপ করার কিছু নেই। আমি আগেই বলেছিলাম, শেষের রাউন্ডগুলোতে ফল ঘুরে যাবে। ১৪ থেকে ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হয়—তখন আপনারাই জিতবেন। ধৈর্য ধরুন, ভয় পাবেন না।”
শেষে তিনি সবাইকে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা বাঘের বাচ্চার মতো লড়াই চালিয়ে যাব।"
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬