
সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ৮০ শতাংশ নারী থাকবেন বলে জানিয়েছেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়ানোর পরিকল্পনা সরকারের।
শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে, যাদের বড় অংশই নারী। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষের বাড়িতে পৌঁছে স্বাস্থ্য সচেতনতা তৈরি করবে।” তিনি আরও বলেন, এসব স্বাস্থ্যকর্মীরা মানুষকে ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসুখ প্রতিরোধে করণীয় সম্পর্কে পরামর্শ দেবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধ করবেন। এর ফলে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, শহরের তুলনায় গ্রামাঞ্চলের মানুষ এখনো পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তাই সরাসরি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। “আমরা যদি সচেতনতা বাড়াতে পারি, তাহলে অসুস্থতার হারও কমে আসবে,” যোগ করেন তিনি।
দেশবাসীর প্রতি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে, যদিও সরকারের মেয়াদ এখনো স্বল্প সময়ের।
বক্তব্যে তিনি সাম্প্রতিক বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। সুনামগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে কৃষকদের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এসব বিষয়ে নজর রাখছে। চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, যদিও এর অনেকটাই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক বছরের মধ্যে এ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি রেল যোগাযোগ উন্নয়নের অংশ হিসেবে লাইনের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬