
নতুন সম্ভাবনা, উন্নয়ন ও তরুণ প্রজন্মের অগ্রযাত্রার বার্তা নিয়ে আজ শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর, যা ঘিরে পুরো অঞ্চলে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন। সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ মোট আটটি খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে দেশের তরুণরা। প্রধানমন্ত্রী নিজেই এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করবেন। এতে ক্রীড়াবিদ, কোচ ও সংগঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সফরের অংশ হিসেবে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল খনন কার্যক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসীর ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন। দরগাহর খাদেম সামুন মাহমুদ খান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফর সিলেটবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে এবং উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬