খুলনা প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর (হলরোড) এলাকায় বেলাল নামে এক যুবককে ইয়াবা ও গাঁজাসহ আটক করে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা পুলিশের কাছে সোপর্দ করেছেন। রবিবার এ ঘটনা ঘটে।
আটক বেলাল মোহাম্মদনগর এলাকার মো. কাশেমের ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে হলরোড এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় তরুণদের কাছে ইয়াবা ও গাঁজা সরবরাহ করে আসছিলেন।
ঘটনাস্থল থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, একটি স্টিলের ছুরি, একটি মোবাইল ফোন এবং প্রায় ৭ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বেলাল জানান, তিনি রেজাউল নামে এক ব্যক্তির অধীনে মাদক সরবরাহের কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, রেজাউল ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন এবং সাংকেতিক নামে মোবাইলে নম্বর সংরক্ষণ করে পুরো কার্যক্রম পরিচালিত হতো। বেলাল আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর কাছেও তিনি মাদক পৌঁছে দিতেন।
এ ঘটনায় ক্যাম্পাস এলাকায় মাদকের বিস্তার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ইংলিশ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন মুন্না বলেন, “বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার কেন্দ্র হলেও এখানে মাদকের বিস্তার অত্যন্ত উদ্বেগজনক। এটি শিক্ষার পরিবেশ ও তরুণ সমাজের ভবিষ্যতের জন্য বড় হুমকি।” তিনি ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন, ডোপ টেস্ট চালু এবং সচেতনতা কার্যক্রম বাড়ানোর দাবি জানান।
দায়িত্বরত পুলিশ জানায়, আটক ব্যক্তিকে হরিণটানা থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, আটক ব্যক্তির মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর যোগাযোগ নম্বর পাওয়া গেছে বলে জানা গেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬