
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হোয়াইট হাউসের সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করে এ অভিযোগ আনা হয়। ঘটনার পর দেশজুড়ে প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, গত শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে নিরাপত্তা চৌকি ভেঙে প্রবেশের সময় অ্যালেনের কাছে একটি সেমি-অটোমেটিক পিস্তল, একটি শটগান এবং তিনটি ছুরি পাওয়া যায়।
ঘটনার সময় এক সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ হন। তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় গুরুতর আহত হননি। এ ঘটনায় দোষী প্রমাণিত হলে অ্যালেনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
আদালতে হাজিরার সময় নীল জাম্পস্যুট পরা অ্যালেনকে শান্ত ও সংযত দেখা যায়। বিচারকের প্রশ্নের সংক্ষিপ্ত জবাবে তিনি জানান, তার একটি মাস্টার্স ডিগ্রি রয়েছে।
প্রসিকিউশনের পক্ষে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনিন পিরো জানান, হামলার আগে পরিবারের কাছে পাঠানো এক বার্তায় অ্যালেন উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিলেন।
ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, আত্মরক্ষার্থে গুলিবিদ্ধ সিক্রেট সার্ভিস সদস্য পাঁচ রাউন্ড গুলি ছোড়েন এবং দ্রুতই অ্যালেনকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা গেছে, অ্যালেন ২১ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের টরেন্স থেকে যাত্রা শুরু করে ট্রেনে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছান এবং ঘটনার আগের দিন হোটেলে অবস্থান নেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন অঙ্গরাজ্য অতিক্রম করে পরিকল্পিতভাবে এই হামলার চেষ্টা করেন।
প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনাটি সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হতে পারে এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে। বর্তমানে তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলেও জানা গেছে।
ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়নি।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬