
টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়ে ইতালিয়ান ফুটবল যখন কঠিন সময় পার করছে, ঠিক তখনই এক বিতর্কিত প্রস্তাব ঘিরে ফুটবল বিশ্বে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ইরানকে বাদ দিয়ে আসন্ন বিশ্বকাপে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দূত পাওলো জামপোলি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জামপোলি জানান, তিনি ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে এই বিষয়ে সুপারিশ করেছেন। তার মতে, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিশ্বকাপে থাকা উচিত এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত টুর্নামেন্টে নিজেদের দলকে দেখতে পারা হবে ‘স্বপ্নের মতো’।
তবে জামপোলির এই বক্তব্যের সঙ্গে ফিফা বা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। বরং এই প্রস্তাব সামনে আসতেই ইতালিতে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
ইতালির সাধারণ ফুটবল সমর্থকদের বড় অংশই বিষয়টিকে অপমানজনক হিসেবে দেখছেন। তাদের মতে, মাঠের লড়াইয়ে ব্যর্থ হয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালির ঐতিহ্যের পরিপন্থী।
দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি স্পষ্টভাবে এই প্রস্তাব নাকচ করে বলেন,
“বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতা প্রমাণ করতে হয় মাঠে, কোনো টেবিল আলোচনায় নয়।”
অর্থমন্ত্রী জিয়ানকার্লো জিওর্গেত্তিও একই সুরে এটিকে “লজ্জাজনক” বলে মন্তব্য করেন। ইতালিয়ান অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুওনফিগ্লিও বলেন, “এ ধরনের প্রস্তাব আমাদের জন্য অপমানজনক। ইতালির ফুটবল ঐতিহ্য এভাবে কেনা যায় না।”
অভিজ্ঞ কোচ জিয়ান্নি ডি বিয়াসিও জানান, বিশ্বকাপে যেতে ইতালির কারও রাজনৈতিক সমর্থনের প্রয়োজন নেই।
অন্যদিকে, ইরানকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়েছে ফিফা। এক ফোরামে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন,
“ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে। খেলাধুলা ও রাজনীতি আলাদা থাকা উচিত।”
সব মিলিয়ে, বিতর্কিত এই প্রস্তাব শুধু ফুটবল নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন করে প্রশ্ন তুলেছে—খেলার মাঠে অর্জিত সাফল্যের বিকল্প কি আদৌ কোনো রাজনৈতিক প্রভাব হতে পারে?
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬