
ভোলা প্রতিনিধি
ভোলা বোরহানউদ্দিন উপজেলায় ইলিশ সম্পদ আহরণ বৃদ্ধি ও মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে দুই মাস মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এ কার্যক্রমের উদ্যোগ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাবা মাফরুজা সুলতানা।
জানা যায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখায় অনেক জেলে পরিবার অর্থনৈতিক সংকটে পড়েন। তাদের এই দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণকালে মাফরুজা সুলতানা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় জেলেদের ত্যাগ স্বীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, জেলেদের কষ্ট লাঘবে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল হলে ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়বে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জেলেদের জীবনমানও উন্নত হবে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা করেন।
খাদ্য সহায়তা পেয়ে জেলেরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, নিষেধাজ্ঞার সময়ে আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাতে হয়। এ ধরনের সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তির।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে প্রতি বছর নির্দিষ্ট সময় জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়, যাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন হয় এবং ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি পায়। এই কার্যক্রম সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও রাজনৈতিক সংগঠনগুলোর এমন সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬