
রংপুর প্রতিনিধি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রংপুর জেলায় আয়োজিত আন্তঃক্লাব ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় রংপুর ও ঠাকুরগাঁও জেলার দল। ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখরিত ফাইনাল ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ঠাকুরগাঁও আনসার ভিডিপি জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। স্বাগতিক রংপুর আনসার ভিডিপি জেলা দল লড়াই করেও রানার্সআপ হয়। ম্যাচের প্রতিটি সেটেই ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ পরিচালক মোঃ শফিকুল আলম, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম এবং ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুল আফছার।
প্রধান অতিথি মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, ক্রীড়াচর্চা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একজন মানুষকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলে। আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে খেলাধুলার চর্চা বাড়ানো গেলে তাদের পেশাগত দক্ষতা এবং দলগত সমন্বয় আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। তাই এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা অত্যন্ত প্রয়োজন।
বিশেষ অতিথি রেঞ্জ পরিচালক মোঃ শফিকুল আলম বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়াতে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে। ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুল আফছার বলেন, চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য গর্বের। জাতীয় পর্যায়েও আমরা ভালো ফলাফল করার চেষ্টা করব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান, রংপুর সদর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার সদস্যসহ সংশ্লিষ্ট ক্রীড়া ব্যক্তিবর্গ। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন ব্যাটালিয়ন আনসারের মোঃ রিপন মিয়া। আয়োজক সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া ঠাকুরগাঁও আনসার ভিডিপি জেলা দল গাজীপুরের শফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে দেশের বিভিন্ন জেলার চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬