কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে। তিনি পেশায় ফেরি করে মশারি বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল) কাজ শেষে বাড়িতে ফেরেন রাশেদ। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ছোট ভাই জহুরুল ক্ষিপ্ত হয়ে বড় ভাই রাশেদের ওপর ছুরিকাঘাত করে।এতে গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬