চুয়াডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার পূড়াপাড়া মোড়ে অবস্থিত ফ্যান্টাসি চুয়াডাঙ্গা পার্কে ঘুরতে গিয়ে এক কিশোরী ও তার বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানার
পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী গত শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ৯টার দিকে দামুড়হুদা থানাধীন "চুয়াডাঙ্গা ফ্যান্টাসি পার্ক" নামের একটি বিনোদন স্পটে ঘুরতে আসে। এসময় তার সঙ্গে তার বন্ধু ঢাকার খিলক্ষেত এলাকার বিল্লাল হোসেন এর ছেলে মেহেদী হাসান শুভ (১৬) উপস্থিত ছিল।
পরে একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে পার্কের পূর্ব পাশে অবস্থানকালে কয়েকজন যুবক তাদের গতিবিধি লক্ষ্য করে এবং সুযোগ বুঝে তাদের কাছে গিয়ে ছবি ও ভিডিও ধারণের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মান-সম্মানের ক্ষতি করার হুমকি দিয়ে ছেলেটির কাছ থেকে প্রথমে ১ হাজার ৫০০ টাকা আদায় করে এবং পরবর্তীতে আরও ১০ হাজার টাকা দাবি করে।
ভীত-সন্ত্রস্ত অবস্থায় ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে জানালে দামুড়হুদা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের নওশাদ আলীর ছেলে শাকিল খান (২০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামের টাপু বিশ্বাস এর ছেলে সজিব বিশ্বাস (১৯)। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত অপর দুই যুবক রাকিবুল (২৬) ও রুবেল (২০) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬