
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে পরিচালিত বিশেষ অভিযানে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো কামারাবাদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের একটি চৌকস টিম ওই এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৪-৫০২৭) সন্দেহজনকভাবে এলাকায় প্রবেশ করলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে সিএনজির এক যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
পরে উপস্থিত জনতার সামনে তার দেহ তল্লাশি চালিয়ে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে “MADE IN U.S.A., 7.65” লেখা রয়েছে।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম নোয়াখালীর হাতিয়া উপজেলার চর হেয়ার এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, উদ্ধারকৃত পিস্তলটি ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে চলাফেরা করছিলেন।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বায়েজিদ বোস্তামী এলাকার বিভিন্ন স্থানে সক্রিয় থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং অপরাধী নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে মাদক, চুরি, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
এছাড়া অবৈধ অস্ত্রের উৎস এবং তার সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে সন্ত্রাস ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬