ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে অটো ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদকে কেন্দ্র করে চালকদের সঙ্গে টোল আদায়কারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক টোল আদায়কারী গণধোলাইয়ের শিকার হন। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারী চালকেরা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে চালকদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ডোমার সরকারি কলেজ গেট সংলগ্ন টোল আদায়ের নির্ধারিত স্থানে পৌঁছালে টোল আদায়কারীরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আব্দুর রশিদ নামে এক টোল আদায়কারী আন্দোলনকারীদের হাতে মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টোলের নামে তাদের হয়রানি করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে না পারলে গাড়ির চাবি কেড়ে নেওয়া এবং শারীরিকভাবে হেনস্তার ঘটনাও ঘটছে বলে তারা দাবি করেন।
অন্যদিকে ইজারাদারদের দাবি, তারা পৌরসভার নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে অর্থ জমা দিয়ে বৈধভাবে ইজারা নিয়েছেন। নিয়ম মেনেই টোল আদায় করা হচ্ছে। তবে কিছু ব্যক্তি অবৈধভাবে চাঁদা দাবি করে এবং তা না দিলে চালকদের উসকানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এতে তাদের একজন মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
সংঘর্ষের জেরে ডোমার ডিবি সড়কে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা।
পরবর্তীতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তার আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর অবরোধ তুলে নেন চালকেরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, “সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। তবে পৌরসভার নিয়মতান্ত্রিক টোল ব্যবস্থা বহাল থাকবে।”
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬