
আবুল হাসান, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর এলাকায় নিখোঁজের একদিন পর নাসিমা খাতুন (১৮) নামে এক তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সলেমানপুর হঠাৎপাড়া এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা সংলগ্ন পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাসিমা খাতুন সলেমানপুর দাসপাড়া এলাকার মৃত নাজমুল মীরের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ এপ্রিল) আনুমানিক সকাল ৯টার দিকে বাড়ি থেকে বেড়ানোর উদ্দেশ্যে বের হন নাসিমা। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর আজ সকালে স্থানীয়রা হঠাৎপাড়া এলাকার মরহুম সিরু মিয়ার ইটভাটা সংলগ্ন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সেটি নাসিমার মরদেহ বলে শনাক্ত করেন।
খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
এদিকে, তরুণীর এমন রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোকাতুর পরিবারের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সাধারণ মানুষকে ধৈর্য ধরার এবং কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬