গোপালগঞ্জ প্রতিনিধি
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় শহরের পৌর পার্কে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে সম্মিলিত কণ্ঠে “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে পহেলা বৈশাখকে স্বাগত জানানো হয়।
পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল পৌনে ৯টায় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পার্কে এসে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ এবং পৌর প্রশাসক এস এম তারেক সুলতান।
এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন। পরে অতিথিবৃন্দ পৌর পার্কে আয়োজিত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন।
অন্যদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬