
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির (জিকে গউছ)।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেএম জিয়া মেম্বার এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়ন্ত দেব।
প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৬ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল আউশধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ জিকে গউছ বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, কৃষি ঋণের সুদ মওকুফসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং চলতি বছর প্রণোদনার পরিধি বাড়িয়ে আরও বেশি কৃষককে এর আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষি উন্নয়নের লক্ষ্যে লাখাই উপজেলায় খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে সম্প্রসারিত হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬