মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সংবাদকর্মীরা। একইসঙ্গে প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে।
রোববার ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমান দীর্ঘ ৩৮ বছর ধরে ঘুষের মাধ্যমে একটি দুর্নীতির বলয় গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশ করায় এনটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক “মুন্সীগঞ্জের সময়”-এর সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা আরও বলেন, জেলার স্বাস্থ্য বিভাগ মিজানুর রহমানের দুর্নীতির কাছে জিম্মি হয়ে পড়েছে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু বলেন, “ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশের পর প্রায় এক মাস পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে জেলার সব দপ্তরের সংবাদ প্রকাশ বন্ধ রাখা হবে।”
সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, “মিজানুর রহমান একজন চিহ্নিত দুর্নীতিবাজ। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিকরা কলম বিরতিতে যাবে।”
সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, অভিযুক্তকে চাকরি থেকে অব্যাহতি না দিলে প্রশাসনের সব কার্যক্রম সংবাদে বয়কট করা হবে।
এছাড়া সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি মাহাবুব আলম লিটন, জসিম উদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬