সালাউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মোঃ সাব্বির (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল উপজেলার জিয়ানগর এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বিকেলে জিয়ানগর এলাকায় প্রতিবেশীর বাড়ির উঠানে খেলতে যায় তিন বছর বয়সী এক শিশু। এ সময় অভিযুক্ত সাব্বির কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায় এবং ভিডিও গেম দেখানোর কথা বলে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে অভিযোগের পরপরই সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
পরে ভুক্তভোগী শিশুর পরিবার মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়।
ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে সেনাবাহিনী। মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে জিয়ানগর এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় আনায় সেনাবাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য গ্রেপ্তারকৃত সাব্বিরকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬