সাইফুল ইসলাম
“সবার জন্য ইন্টারনেট” নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “সবার জন্য ইন্টারনেট” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, উপকূলীয় ও মৎস্য খাতের নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে সমুদ্রে কর্মরত জেলেদের জন্য সাইক্লোন সতর্কতা, ডাকাতি প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কক্সবাজারসহ পর্যটননির্ভর এলাকায় আধুনিক ডিজিটাল সেবা সম্প্রসারণে সরকার কাজ করছে। ইতোমধ্যে বিমানবন্দর ও রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই চালু হয়েছে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিনিয়োগ সহজীকরণ ও অবকাঠামো উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রী পর্যটন সংশ্লিষ্টদের পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যটকবান্ধব আচরণ এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে উপজেলা পর্যায় পর্যন্ত ইন্টারনেট বিস্তার, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দক্ষতা উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নে কাজ চলছে এবং বিটিসিএলের সেবার বিলম্বসহ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি কক্সবাজারে ফ্রি ওয়াইফাই সম্প্রসারণ ও মোবাইল নেটওয়ার্ক উন্নয়নের কথাও জানান।
কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় সুশীল সমাজ, বিভিন্ন স্টেকহোল্ডার, গণমাধ্যমকর্মী ও দপ্তর সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এবং মতামত তুলে ধরেন।
পরে মন্ত্রী ও উপদেষ্টা কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে বিটিসিএল, টেলিটক, সাবমেরিন ক্যাবল, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এবং ডাক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬