
লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বৈরুতে ওই হামলায় নিহত বাংলাদেশি নারী দীপালির মৃত্যুতেও গভীর শোক ও নিন্দা প্রকাশ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মন্ত্রণালয়ের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, লেবাননে ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বাংলাদেশ এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।
এতে আরও বলা হয়, বৈরুতের হামলায় নিহত বলে ধারণা করা বাংলাদেশি নাগরিক দীপালির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সরকার। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
লেবাননে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে দীপালির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিস্থিতি অনুকূলে এলে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত বুধবার বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় প্রবাসী বাংলাদেশি নারী দীপালি নিহত হন। তাঁর বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জে।
দূতাবাস সূত্রে জানা গেছে, হামলায় দীপালীর নিয়োগকর্তা (কফিল) ও তাঁর পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহের অবস্থা সম্পর্কে খোঁজ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬