শেখ শোভন আহমেদ
গোপালগঞ্জে জ্বালানি তেলের সংকটে ফিলিং স্টেশনগুলোতে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ ঘটনায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানাগেছে, তেল সংকটের কারণে গোপালগঞ্জ পৌর এলাকার অন্তত সাতটি ফিলিং স্টেশনে ভোর থেকেই তেল সরবরাহ বন্ধ ছিল। এতে সকাল থেকেই তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন যানবাহনের চালকেরা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও তেল না পেয়ে বেলা পৌনে তিনটার দিকে শহরের মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। অন্তত অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
হঠাৎ এমন অবরোধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেয়। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ফারদিন খান প্রিন্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল সরবরাহ কার্যক্রম তদারকি করেন। এরপর জ্বালানি সরবরাহ পুনরায় শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
অবরোধকারীরা অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনগুলোতে তেল মজুদ থাকলেও তা সঠিকভাবে বিতরণ করা হচ্ছে না। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছেন না। এতে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়ছে।
অন্যদিকে, নিগি ফিলিং স্টেশনের মালিক মফিজুর রহমান অভিযোগ করেন, অতিরিক্ত চাপের কারণে কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন। ফলে নিয়মিত তেল বিতরণ ব্যাহত হচ্ছে। তিনি আরও দাবি করেন, প্রশাসনের কিছু প্রভাবের কারণেও সরবরাহ ব্যবস্থায় জটিলতা তৈরি হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬