ময়মনসিংহ প্রতিনিধি
হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী জরুরি পদক্ষেপ হিসেবে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এর অংশ হিসেবে ময়মনসিংহ জেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এই বিশেষ ক্যাম্পেইন, যা স্থানীয়ভাবে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলার চূরখাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ ৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ । উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আবু আহমেদ শফি,সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শাহজাহান কবিরসহ স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলার প্রথম ধাপের টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলাকে। এ তিনটি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাত দিনব্যাপী এই ক্যাম্পেইনের জন্য ইতোমধ্যে ১ লাখ ৭৪ হাজার ডোজ টিকা সংরক্ষণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা (হাসপাতাল) শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহম্মদ শফি জানান, পূর্ববর্তী সময়ে সমন্বয়হীনতার কারণে টিকাদানে কিছু জটিলতা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। জেলার জন্য পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং ধাপে ধাপে প্রতিটি উপজেলায় সরবরাহ নিশ্চিত করা হবে।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, এই জরুরি টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক হাম পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকা দেওয়া নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং সময়মতো টিকা না পেলে শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই এই ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্য কার্যক্রম নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সরকারি এই উদ্যোগ সফল করতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকর্মী এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬