
রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকা নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিক্ষার্থী মমিনুর রহমান (১৬) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে জলঢাকা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।
মমিনুর রহমান উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মমিনুর রহমান তার বাবার চার্জারচালিত ভ্যান নিয়ে জলঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।
থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম
জানায়, “এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে” ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।





